ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন শৈলকুপা থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা ও উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার ঝিনাইদহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান এবং পুলিশ সদস্যদের কল্যাণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জনসেবা এবং শৈলকুপা থানার সার্বিক কার্যক্রমে সফলতার স্বীকৃতি হিসেবে ওসি মো. হুমায়ুন কবির মোল্লাকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম। তার সাহসী ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের উৎসাহিত করতেই নিয়মিত এ ধরনের স্বীকৃতি প্রদান করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন