সিলেট-৪ আসনে বিএনপির অভ্যন্তরীণ ঐক্যের স্পষ্ট বার্তা দিয়েছেন দলের শীর্ষ ও স্থানীয় নেতারা। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে সমর্থনের ঘোষণা দিয়েছেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় এ ঐক্যের বার্তা দেওয়া হয়।
গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটবাসীসহ সারা দেশের মানুষ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।
তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবারও উন্নয়নের পথে ফিরিয়ে নেওয়ার একটি ঐতিহাসিক মুহূর্ত।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য দেন আব্দুল হাকিম চৌধুরী। তিনি বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এবং দলের প্রতি পূর্ণ আনুগত্য রেখে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
হাকিম চৌধুরী বলেন, সিলেট-৪ আসনের মানুষের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আরিফুল হক চৌধুরী একজন পরীক্ষিত ও যোগ্য নেতা। তিনি অতীতেও উন্নয়নের ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা নতুন করে বলার প্রয়োজন নেই।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেট-৪ আসনের বিএনপি আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তিনি বলেন, এই জনপদ দীর্ঘদিন অবহেলিত ও উন্নয়নবঞ্চিত ছিল। জনগণের সমর্থনে বিজয়ী হলে বিএনপি সরকার গঠনের পর এক বছরের মধ্যেই এলাকায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
এ সময় তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চান।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত এবং বিএনপি নেতা সামছুউদ্দিন আল আজাদ।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মীসভায় উপস্থিত ছিলেন।



