পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম।
সোমবার (২২ জুন) এক বিবৃতিতে মুশফিকের মাসসেরা হওয়ার খবর জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মাসসেরা হওয়ার প্রতিযোগিতায় মুশফিক পেছনে ফেলেছেন বাংলাদেশ দলের সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের দীপেন্দ্র সিং আইরিকে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিম ৬০-এর বেশি গড়ে ২৫৩ রান করেন। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭১ রান করেন। আর সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। এই পারফরম্যান্সের সুবাদে তিনি সিরিজসেরার পুরস্কারও জিতে নেন।
অন্যদিকে, তাইজুল ইসলাম ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি এই স্পিনার দুই ম্যাচে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট শিকার করেন। সিলেটে দ্বিতীয় টেস্টে ১২০ রানের বিনিময়ে ৬ উইকেট নেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও করেন ৫৮ রান।
এ নিয়ে টানা দুই মাস বাংলাদেশের কোনো ক্রিকেটার আইসিসির মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন। এর আগে এপ্রিল মাসে এই পুরস্কার জিতেছিলেন আলোচিত পেসার নাহিদ রানা।
মুশফিকুর রহিমের জন্য এটি আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের দ্বিতীয় ঘটনা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তার আগে একাধিকবার এই স্বীকৃতি অর্জন করেছিলেন সাকিব আল হাসান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন