ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ভিটামিন ডি নিয়ে মিলল নতুন ৫ তথ্য

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:১৬ এএম

শুধু হাড়ের সুস্থতাই নয়, শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভিটামিন ‘ডি’র ভূমিকা অনস্বীকার্য। ২০২৬ সালের প্রথমার্ধে প্রকাশিত কয়েকটি আন্তর্জাতিক গবেষণায় ভিটামিন ডি নিয়ে নতুন পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তবে গবেষকরা বলছেন, এসব ফল নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

৯৬ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ভিটামিন ‘ডি’র ঘাটতি থাকলে শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিষণœতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৭ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। অন্যদিকে প্রায় ৮০০ জনের ওপর পরিচালিত আরেক গবেষণায় দেখা গেছে, মধ্য বয়সে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে আলঝেইমারের সঙ্গে সম্পর্কিত ‘টাউ’ প্রোটিন শরীরে কম জমা হতে পারে, যা মস্তিষ্কের সুস্থ বার্ধক্যে সহায়ক হতে পারে।

নতুন আরেক গবেষণায় ভিটামিন ‘ডি’র ঘাটতির সঙ্গে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্পর্ক পাওয়া গেছে। গবেষকদের মতে, ভিটামিন ডি পাকস্থলীর সুরক্ষামূলক আবরণ ও রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী রাখতে সাহায্য করে।

আক্রমণাত্মক স্তন ক্যানসারে আক্রান্ত ৫০০-এর বেশি নারীর ওপর গবেষণায় দেখা গেছে, চিকিৎসার সময় যাদের ভিটামিন ‘ডি’র মাত্রা কম ছিল, তাদের চিকিৎসার ফল তুলনামূলক কম ভালো হয়েছে। একইভাবে জিনগত তথ্যভিত্তিক আরেক গবেষণায় ইঙ্গিত মিলেছে, পর্যাপ্ত ভিটামিন ডি একজন মানুষকে তার সম্ভাব্য উচ্চতায় পৌঁছাতে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম, ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার ও নিরাপদ মাত্রায় সূর্যালোক এই ভিটামিনের ভালো উৎস। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। তবে নিজের সিদ্ধান্তে অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন তারা।