বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বোর্ড অব গভর্নরসের (বিওজি) ২০১তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
গত ২৮ জুন (রোববার) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে ঢাকায় উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের ২০১তম (বিশেষ) সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিব মাহবুবা ফারজানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ বোর্ড অব গভর্নরসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ট্রেজারারের অতিরিক্ত দায়িত্বে থাকা উপাচার্য অর্থ কমিটির ১৫৯তম সভায় ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট উপস্থাপন করেন। অর্থ কমিটি বাজেট পর্যালোচনা করে তা বোর্ড অব গভর্নরসের অনুমোদনের জন্য সুপারিশ করে।
অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট ২৬ হাজার ২৮০ দশমিক ৩৮ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ১৫৯ দশমিক ৭৬ লাখ টাকা। অন্যদিকে, ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন বাজেট ৩২ হাজার ৫৬৯ দশমিক ৫০ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ৩ হাজার ৫০০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজেট বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে বাউবি দেশের প্রান্তিক, কর্মজীবী ও প্রবাসী বাংলাদেশিদের দূরশিক্ষণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে আসছে। সময়ের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর স্মার্ট এবং গবেষণামুখী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে কারিগরি শিক্ষার প্রসারে ‘আইটিভেট (ITVET)’ প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন বাজেটটি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত রূপান্তর, গবেষণা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন এবং শিক্ষার্থীদের দোরগোড়ায় বিশ্বমানের ডিজিটাল শিক্ষাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, গবেষণা, প্রযুক্তিনির্ভর সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন