বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার (১ জুলাই) বারি ক্যাম্পাসে আয়োজিত এ সফরে এনডিসির ফ্যাকাল্টি, কোর্স মেম্বার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
প্রতিনিধি দলটি কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরসহ ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ তাদের স্বাগত জানান।
পরে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বারির গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন বারির পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ। তিনি ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা সাফল্য, কৃষি প্রযুক্তির উন্নয়ন এবং জাতীয় খাদ্য নিরাপত্তায় বারির অবদান তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্তসহ বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করে। তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি উন্নয়নে বারির ভূমিকা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন