প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর আয়োজনে রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার পঞ্চম তলায় অবস্থিত ‘বাহারি আহার’-এ শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলা।
গতকাল শুক্রবার (১০ জুলাই) সকালে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ বইমেলা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—লেখক অধ্যাপক বদরুল আলম খান, কথাসাহিত্যিক আহমদ বশীর, লেখক ও অনুবাদক জাভেদ হুসেন, পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা, ‘মননরেখা’ সম্পাদক মিজানুর রহমান নাসিম, লেখক ও সাংবাদিক মু আ লতিফ, কথাসাহিত্যিক পলাশ মজুমদার, উন্নয়নকর্মী সেকান্দর আলী সুমন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খান, ‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদ এবং গ্রন্থিক প্রকাশক রাজ্জাক রুবেল।
আলোচনা শেষে অতিথিরা ঘণ্টা বাজিয়ে বর্ষাকালীন বইমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা ‘গ্রন্থিক’ ও ‘এবং বই’-এর এই আয়োজনের প্রশংসা করে বলেন, বই নিয়ে এ ধরনের মেলার আয়োজন আরও বেশি করা প্রয়োজন। পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য বইমেলা একটি চমৎকার মাধ্যম। শুধু রাজধানীতে নয়, ঢাকার বাইরেও এ ধরনের মেলার আয়োজন করা উচিত।
‘এবং বই’-এর সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, শুক্রবার ও শনিবার (১০ ও ১১ জুলাই) প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
তিনি জানান, বইমেলায় প্রায় ১৫টি প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে। এছাড়া দুই দিনই গুরুত্বপূর্ণ কবি ও লেখকেরা মেলায় উপস্থিত থাকবেন।
গ্রন্থিক প্রকাশক রাজ্জাক রুবেল বলেন, মেলায় বইপ্রেমীদের জন্য গ্রন্থিক প্রকাশনের বই ৩৫ শতাংশ কমিশনে পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্টলে রয়েছে শিশু-কিশোর উপযোগী বিভিন্ন অরিজিনাল বিদেশি বই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন