শিক্ষা ও সঠিক ক্যারিয়ার পরিকল্পনাই একজন নারীকে স্বাবলম্বী করে তোলে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে নারীরা রাষ্ট্র পরিচালনা, কূটনীতি, অর্থনীতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মেধা ও নেতৃত্বের স্বাক্ষর রাখছেন।
শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি দাবি করেন, স্বাধীনতার পর এবারই শিক্ষাখাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে নারী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং এ জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও বলেন, এবারের বাজেট নারীবান্ধব।
সেমিনারে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ, জেলা পরিষদ প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিহার জাহান এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু প্রমুখ।
বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত পলাতকদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে। তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় বিচার সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, যারা বিদেশে পালিয়ে রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই কার্যক্রম অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন