কক্সবাজারের বন্যাদুর্গত পেকুয়া উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবদুল মান্নান।
শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পেকুয়া সদর ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আকতার, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহউদ্দিন।
জেলা প্রশাসক আবদুল মান্নান বন্যাকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ত্রাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন