যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী হিটন পার্কের ডাওয়ার হাউসে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সামারফেস্ট। গত ১০ জুলাই দুপুর ৩টা থেকে সবার জন্য উন্মুক্ত এই উৎসব ঘিরে দিনভর ছিল আনন্দ, সংস্কৃতি ও মিলনমেলার আবহ।
তবে এটি ছিল শুধু একটি মৌসুমি উৎসব নয়। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউকে ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে এই জমকালো সামারফেস্টের আয়োজন করা হয়। গত এক দশক ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং বহুসাংস্কৃতিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাঙালিদের শেকড়ের টানে মঞ্চ মাতান বাংলাদেশের কিংবদন্তি বাউলশিল্পী শফি মণ্ডল ও বাউল ডলি মণ্ডল। তাদের মাটির গানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
এ ছাড়াও সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা, জোহরা হোসাইন জেমি, আমির হাশমি এবং প্রীতম আহমেদ। পুরো অনুষ্ঠানে আধুনিক ও ব্যতিক্রমী ছন্দ যোগ করে জনপ্রিয় ব্যান্ড ‘ডায়নামিক’।
দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের জন্য নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম, পরিবারকেন্দ্রিক আয়োজন এবং ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের স্টল। ম্যানচেস্টারের বিভিন্ন কমিউনিটির অতিথিরা অংশ নিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
আয়োজকদের প্রত্যাশা, সফল ১০ বছরের এই পথচলার অভিজ্ঞতা ও অর্জন আগামী দিনেও ইউকে ম্যানেজমেন্ট কলেজের শিক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন